পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বিয়েতে রাজি না হওয়ায় অভিমান করে ঘুমের ট্যাবলেট খেয়ে লিপি (২৪) নামে এক ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থী ‘আত্মহত্যা’ করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার সেনগা ইউনিয়নের দানাজপুর গ্রামের গুমানুপাড়া এলাকার চন্দ্র মোহন রায়ের মেয়ে এবং পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে লিপিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানান, তিনি ঘুমের ট্যাবলেট সেবন করেছেন। পরে দ্রুত তার পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করে চিকিৎসা দেওয়া হয়। তবে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর পরপরই পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তার ডিগ্রি পরীক্ষাও ছিল। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে তার বাবা বিয়ের জন্য ছেলেপক্ষকে দেখতে আসার কথা জানান। কিন্তু লিপি বিয়েতে আপত্তি জানালে পারিবারিকভাবে চাপ সৃষ্টি হয়। এতে অভিমান করে রাতেই তিনি অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করেন।
সেনগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক চাপে মানসিকভাবে ভেঙে পড়ে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, হাসপাতাল থেকে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়।
তবে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে চলে যান। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি থানায় জানানো হলে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
