নিজস্ব প্রতিবেদক: জামালপুরের সরিষাবাড়ীতে বাল্যবিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অপহৃত নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) দীর্ঘ দুই মাস পর উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
এরআগে, গতকাল (মঙ্গলবার) বিকেল ৫টার দিকে সরিষাবাড়ী থানাধীন কাঠালিবাড়ী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই নাবালিকা কিশোরীকে উদ্ধার করা হয়।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত আসামিরা ভিকটিমের পার্শ্ববর্তী এলাকায় বসবাস করার সময় ওই কিশোরীকে বিয়ে দেওয়ার জন্য তার মাকে ক্রমাগত চাপ প্রয়োগ করে আসছিল। কিন্তু মেয়ে নাবালিকা হওয়ায় তার মা এই বাল্যবিয়ের প্রস্তাবে সরাসরি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা পরস্পর যোগসাজশে তাকে জোরপূর্বক অপহরণের পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী, গত ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৫ মিনিটের দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আসামিরা ওই ছাত্রীর পথরোধ করে। এরপর তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় দীর্ঘ সময় মেয়ের কোনো সন্ধান না পেয়ে পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে গত ১১ এপ্রিল জামালপুরের সরিষাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন।
মামলা রুজু হওয়ার পর র্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনার ছায়াতদন্ত শুরু করে। জড়িত আসামিদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালানোর একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে সরিষাবাড়ী থানাধীন কাঠালিবাড়ী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই ছাত্রীকে উদ্ধার করে র্যাব।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে রাখার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার (আইও) কাছে ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।

