নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাজিম উদ্দিন ওরফে স্বপন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

গ্রেফতারকৃত মো. নাজিম উদ্দিন ওরফে স্বপন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গতকাল (মঙ্গলবার) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস মোড়ে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চলাকালে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ‘ন্যাশনাল ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস থামানো হয়।

বাসটিতে তল্লাশিকালে সন্দেহভাজন হিসেবে যাত্রী মো. নাজিম উদ্দিনকে আটক করে র‍্যাব সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার কাছে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা থাকার কথা স্বীকার করে।

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং ওই মাদক কারবারির দেখানো মতে তার হেফাজতে থাকা ব্যাগের ভেতর তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯৬৫ পিস নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করে র‍্যাব।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য পরিবহন ও কেনাবেচার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

ধৃত মাদক কারবারির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version