গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম এলাকায় সংখ্যালঘু সাঁওতাল নারী-পুরুষের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ২০ এপ্রিল মঙ্গলবার সকালে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও আদিবাসী সংগঠন।
কর্মসূচিতে সাঁওতাল সম্প্রদায়ের প্রায় তিন শতাধিক নারী-পুরুষসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১২ এপ্রিল গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম এলাকায় চিহ্নিত ভূমিদস্যুরা সংঘবদ্ধভাবে সাঁওতাল সম্প্রদায়ের বসতিতে হামলা চালায়। এ সময় নারী-পুরুষ নির্বিশেষে তাদের মারধর করা হয়, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি করেন তারা। হামলার পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলেও উল্লেখ করা হয়।
বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনা শুধু একটি গোষ্ঠীর ওপর হামলা নয়, বরং দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ভূমিদস্যুদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা কিছু সময় সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন এবং পুলিশ সুপারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এর আগে গত ১২ এপ্রিল ভূমি সুরক্ষা আইনে বাগদা ফার্মের জমি সাওতাল বাঙ্গালীদের ফেরতের দাবিতে বিক্ষোভের জন্য বাগদা ফার্মের অফিসের সামনে যাচ্ছিলো ‘বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি’র ফিলিমন বাস্কের নেতৃত্বে একদল সাঁওতাল নারী-পুরুষ।
তারা বিক্ষোভ করলে কমিটির অপর একটি গ্রুপের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে শিউলি মার্ডি, লুকাশ মুর্মু, নিমাইয়ের স্ত্রী মামুলীসহ তিনজন আহত হন। পরে স্বজনরা আহতদের মধ্যে শিউলি মার্ডি ও মামুলি হাশদাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। অপরজনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়।
