শেখ শামীম: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জনগণের অধিকার বাস্তবায়ন করাই আমাদের প্রধান লক্ষ্য। এ সংসদ জনগণের সংসদ। এলাকার সম্মানিত ভোটারদের দ্বারাই আমি নির্বাচিত হয়েছি এবং তাদের কারণেই আজ সংসদে কথা বলার সুযোগ পাচ্ছি। তাই সম্মানিত ভোটারদের প্রতি আমার বড় ধরনের দায়বদ্ধতা রয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের নিজ কার্যালয়ে তার নির্বাচনী এলাকা নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার উপস্থিত সবার ব্যক্তিগত ও এলাকার খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বৈঠকে ব্যারিস্টার কায়সার কামাল তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষকে সংসদ সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার জন্য বিশেষ উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, তার নির্বাচনী এলাকার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো এবং হাজংসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের সবাইকে পর্যায়ক্রমে সংসদ ভবন পরিদর্শন এবং সংসদ অধিবেশন দেখার জন্য আমন্ত্রণ জানানো হবে।
তিনি আরও জানান, আজ খ্রিস্টান কমিউনিটির ব্যক্তিবর্গ এসেছেন। পরবর্তীতে পর্যায়ক্রমে স্থানীয় ইমাম প্রতিনিধি দল, হিন্দু পুরোহিতদের দল, গারো ও হাজং প্রতিনিধি দল, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কৃষক-শ্রমিকসহ সব শ্রেণির মানুষকে সংসদে আসার আমন্ত্রণ জানানো হবে। রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভা কীভাবে কাজ করে, সে সম্পর্কে সাধারণ মানুষ যেন সরাসরি ধারণা অর্জন করতে পারেন, সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সৌজন্য সাক্ষাৎ শেষে ডেপুটি স্পিকার সংসদ ও রাষ্ট্রের প্রতি নিজ দায়িত্ব যথাযথভাবে পালনে সফলকাম হওয়ার জন্য উপস্থিত প্রতিনিধি দলসহ সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
