প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আজ (রোববার) সকালে রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় আয়োজিত ‘স্কিল ইস দ্য ফিউচার: ইয়ুথ এমপ্লয়াবিলিটি সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

গ্লোবাল এন্টারপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এ সামিট অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর ইনোভেটিভ প্রোজেক্ট তৈরি করতে হবে, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তিনি বিশেষভাবে ক্রাইম প্যাটার্ন রিকগনিশন ও ক্রাইম ডিটেকশন সফটওয়্যার তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এ ধরনের কার্যকর ও বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করতে পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। এছাড়া, এসব উদ্ভাবনী প্রকল্প বাজারজাত করার ক্ষেত্রেও সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার শুরু থেকেই দক্ষতাভিত্তিক সংস্কৃতি ও সমাজ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের শিক্ষা হবে ক্যারিয়ারভিত্তিক। শিক্ষার্থীরা দীর্ঘ কয়েক বছর সময় ও সম্পদ ব্যয় করে পড়াশোনা করে। এর বিনিময়ে তাদের প্রাপ্তি হতে হবে একটি সুন্দর ভবিষ্যৎ ক্যারিয়ার। আর এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষতা।’

তিনি বলেন, ‘আমাদের দেশে দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। এ কারণে বিদেশিরা আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে বেতন নিয়ে যাচ্ছে। প্রাইমারী স্কুল থেকেই আমরা শিক্ষার্থীদের মধ্যে দক্ষতার বিষয়ে মাইন্ড সেট তৈরি করতে চাই।’

তিনি বলেন, ‘আমাদের সরকার জবাবদিহির সরকার। নির্বাচনের সময় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়বই, ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version