নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আশিক মিয়াকে (২৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
গ্রেফতারকৃত মাদককারবারি মো. আশিক মিয়া টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার চামারী ফতেপুর গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।
রবিবার (১২ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল (শনিবার) রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাজাপ্রাপ্ত পলাতক ওই আসামি মির্জাপুর এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মির্জাপুর থানার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের আভিযানিক দলটি। এ সময় আত্মগোপনে থাকা মো. আশিক মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আশিকের বিরুদ্ধে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ মামলায় বিচারপ্রক্রিয়া শেষে আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই সে দেশের বিভিন্ন স্থানে পরিচয় গোপন করে পলাতক জীবনযাপন করছিল।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাজাপ্রাপ্ত পলাতক এই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

