দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-

নেত্রকোনার দুর্গাপুরে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান আহত স্বামী। এর আগে আজই ভোরের দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফারুক মিয়া (৩৫) ওই এলাকার আবু হানিফের ছেলে। অভিযুক্ত স্ত্রী কুলসুম বেগম (৩০)।

এ ঘটনায় আহতের বাবা আবু হানিফ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। আহত ফারুক মিয়া জানান, প্রায় ১৮ বছর আগে কুলসুম বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে প্রায় সাড়ে তিন মাস আগে স্ত্রী কুলসুম বেগম সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান। এ সময় তিনি স্ত্রীকে বাড়িতে ফেরার অনুরোধ করলেও সে ফিরে আসেননি। পরবর্তীতে গত ১২ দিন আগে ফারুক মিয়া দ্বিতীয় বিয়ে করেন। এ খবর পেয়ে গতকাল প্রথম স্ত্রী কুলসুম বেগম বাড়িতে ফিরে আসেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের সিদ্ধান্ত হয়।

ফারুক মিয়া দাবি করেন, তিনি দ্বিতীয় বিয়ের বিষয়ে স্ত্রীকে আগেই জানিয়েছেন এবং তার অনুমতিও ছিল, যার কল রেকর্ড তার কাছে রয়েছে। তবে বাড়িতে ফিরে এসে স্ত্রী প্রশ্ন তোলেন দায়-দায়িত্ব নিয়ে। বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে বসে পরদিন ইউনিয়ন পরিষদে সমাধানের কথা ছিল। এরপর রাতে একই ঘরে দুজন আলাদা বিছানায় ঘুমিয়ে পড়েন। তিনি আরও জানান, ভোরের দিকে হঠাৎ দা দিয়ে তাকে কুপাতে শুরু করেন স্ত্রী কুলসুম বেগম।

তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনার পর তার মাথা ও হাতে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া যায়। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, বিষয়টি এখনও শুনিনি। আমি নেত্রকোনায় মিটিংয়ে আছি। খোঁজ নিচ্ছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version