নিজস্ব প্রতিবেদক: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দুই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

এরআগে, এদিন দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪) এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি (সিপিএসসি) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করে।

অভিযানে ২০০৯ সালের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করার অপরাধে দুটি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এক লক্ষ টাকা করে জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো- ‘মেসার্স এনএন ট্রেডার্স’ এবং ‘মেসার্স মীম এন্টারপ্রাইজ’।

র‍্যাব জানায়, সাম্প্রতিক সময়ে কতিপয় অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের আশায় অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছিল। এর ফলে বাজারে গ্যাস সিলিন্ডারের সরবরাহ বিঘ্নিত হচ্ছিল এবং সাধারণ ক্রেতাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছিল। সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজার অস্থিতিশীল করার চক্রান্ত রুখে দিতে র‍্যাব-১৪ এর গোয়েন্দা দল নিবিড় নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভালুকা থানাধীন সিডস্টোর ও হবিববাড়ী এলাকার ওই দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে অসাধু ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়। ভবিষ্যতে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা, নির্ধারিত মজুতসীমা মেনে চলা, ক্রয়-বিক্রয়ের সঠিক রসিদ সংরক্ষণ করা এবং ভোক্তাদের সাথে যেকোনো ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সাধারণ ক্রেতাদেরও গ্যাস কেনার সময় সরকার নির্ধারিত মূল্য সম্পর্কে সচেতন থাকার এবং যেকোনো অনিয়ম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়।

র‍্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র চোরাচালান, নারী নির্যাতনসহ সকল বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপসহীনভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ নির্মূলের পাশাপাশি ভোক্তাদের অধিকার রক্ষায় এবং জনকল্যাণের স্বার্থে র‍্যাবের এ ধরনের জনবান্ধব ও বাজার তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version