নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আব্দুল বাছেদ (৬০) নামে বৃদ্ধকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. সুমনকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল সোমবার দিবাগত রাত অনুমান ১২টা ৩০ মিনিটের দিকে টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন লেকের পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সফল এই অভিযান পরিচালনা করে।

মামলার এজাহার ও প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি নিহত আব্দুল বাছেদ স্থানীয় আলমনগর বাজার থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে গোপালপুর থানার যুগিপাড়া এলাকায় পৌঁছামাত্রই পূর্ব শত্রুতার জের ধরে গ্রেফতারকৃত আসামি মো. সুমনসহ এজাহারভুক্ত অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার পথরোধ করে।

এসময় হত্যার উদ্দেশ্যে আসামিরা আব্দুল বাছেদের শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। বৃদ্ধের আর্তচিৎকারে আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় আব্দুল বাছেদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনার পর নিহতের কন্যা মোছা. লিমা খাতুন বাদী হয়ে গত ১৩ ফেব্রুয়ারি গোপালপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পরপরই র‍্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প পলাতক আসামিদের গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

র‍্যাব জানায়, এরআগে গত ৫ মার্চ মো. সালমান (৩০) এবং গত ১০ মার্চ মো. লাভলু মিয়া ওরফে লাভু (৪৫) নামে অপর দুজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় একই আভিযানিক দল। সর্বশেষ মঙ্গলবার রাতে মূল আসামিদের আরেকজন সুমনকে গ্রেফতার করা হলো।

গ্রেফতারকৃত আসামি মো. সুমনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version