নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দায়ের করা মারামারি একটি মামলায় দেড় বছরের (১ বছর ৬ মাস) সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত কায়েস আহম্মেদ (৩১) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাজির শিমলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।। তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকার রবিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানাধীন আশ্রাফবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ময়মনসিংহের সিপিএসসি, র্যাব-১৪ এর আভিযানিক দলের এ অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে ঢাকার কেরানীগঞ্জের র্যাব-১০ এর সদর কোম্পানি। যৌথ এই অভিযানেই পলাতক কায়েস আহম্মেদকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব জানায়, কায়েস আহম্মেদের বিরুদ্ধে ময়মনসিংহের ত্রিশাল থানায় মারামারির অভিযোগ ছিল। এ মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই গ্রেফতার এড়াতে তিনি দেশের বিভিন্ন স্থানে পলাতক জীবনযাপন করছিলেন এবং সর্বশেষ ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় আত্মগোপন করেন।
গ্রেফতারকৃত আসামির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। র্যাব আরও জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



