দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-
ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে নানান ধরনের। আমি যখন বলবো কেউ সিগারেট খাইয়েন না, তার মানে আগে আমাকে শুদ্ধ হতে হবে; আমি সিগারেট খাচ্ছি না। আমি ক্লাসে ঢুকে অনেক ভালো ভালো কথা বলার চেষ্টা করবো, কিন্তু আমি নিজেই যদি সেটার সঙ্গে সম্পৃক্ত থাকি, তাহলে হবে? তিনি বলেন, আমি একটি অনুরোধ করতে চাই দয়া করে যারা মনে করবেন এই ধরনের কোনো অ্যাসোসিয়েশন তাদের আছে, সামাজিকভাবে যারা প্রশ্নবিদ্ধ, তারা যদি নিজেদের শুধরাতে না পারেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে কলেজ ছাড়েন।
অন্যথায় আইন সবার জন্য সমান; তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। শনিবার (০৪ এপ্রিল) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষকদের ক্লাসে অনিয়মিত, ছাত্রী হোস্টেলে পুরুষ শিক্ষকদের প্রবেশ নিষেধসহ নানান বিষয়ে সতর্ক করেন। ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, আমি চাই না একজন শিক্ষক এমন কোনো অভিযোগে অভিযুক্ত হন, যা আমাদের দুর্গাপুরের সম্মান ক্ষুণ্ণ করবে। তিনি বলেন, দুর্গাপুরে এই মহিলা কলেজ একমাত্র কলেজ, যা পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দাতেও নেই।
এই কলেজটি যদি আমরা সমৃদ্ধ করতে পারতাম, তাহলে আমাদের অনেক ছাত্রীকে নেত্রকোনায় যেতে হতো না, অনেক ছাত্রকে ময়মনসিংহে যেতে হতো না। কেন যাচ্ছে? আমার-আপনার কারণেই যাচ্ছে। এখানে এসে পড়ানোর যে পরিবেশটা পাওয়ার কথা বা পাওয়া উচিত, সেটা তারা পাচ্ছে না। আমি অনুরোধ করবো আজকে আমি যে ধরনের বক্তব্য রাখছি ৬ মাস পর যেন এ ধরনের বক্তব্য রাখতে না হয়। দয়া করে আমাদের যার যা যা করা উচিৎ সেই জিনিসটা করবো।
