শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এবারের পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭.১৬ শতাংশ।

কেন্দ্রে মোট ৭,০০৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬,১০৭ জন এবং অনুপস্থিত ছিলেন ৯০০ জন। পরীক্ষা শুরু হলে কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, বাণিজ্য এবং নতুন কলা ভবনের ১০৬টি কক্ষে পাঁচটি কন্ট্রোল রুমের মাধ্যমে পরীক্ষা পরিচালিত হয়েছে। তিনি বলেন, “পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং শিক্ষার্থীরা প্রশ্নের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছে।

শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় প্রশাসন ও সাংবাদিকসহ সকলের সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে।” ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হয়। এছাড়া পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ময়মনসিংহ ও ভালুকা থেকে পর্যাপ্ত বাস সার্ভিসের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের পরীক্ষায় এই কেন্দ্রে ১০,৩৫৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। উল্লেখ্য, গুচ্ছভুক্ত প্রতিটি ইউনিটের ফলাফল সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd    )-এ প্রকাশ করা হবে। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে মোট ১,১৭৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version