কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের চা বাগানের নয়নাভিরাম পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ট্রি ট্রায়েল ২৫কে ও ১০কে’ ম্যারাথন। সামাজিক সংগঠন ‘টিম শমশেরনগর বিডি’-এর আয়োজনে শুক্রবার(২৭ মার্চ)ভোরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রকৃতির টানে দেশি-বিদেশি রানারদের এ আয়োজন মিলনমেলায় পরিণত হয়।যান্ত্রিকতার বাইরে প্রকৃতির সান্নিধ্যে শরীরচর্চাকে উৎসাহিত করতেই এই ভিন্নধর্মী আয়োজন। সবুজ চা বাগান আর ছায়াঘেরা পাহাড়ি পথ ধরে অনুষ্ঠিত এই দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ৫০০ জন রানার অংশগ্রহণ করেন। 
ভোরবেলা প্রতিযোগিতার উদ্বোধন করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদকমুক্ত থাকতে এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করবে। এমন চমৎকার আয়োজনের জন্য টিম শমশেরনগর বিডি ধন্যবাদ জানান তিনি। অংশগ্রহণকারীরা চা বাগানের উঁচু-নিচু টিলা আর সবুজের বুক চিরে দৌড়ানোর অভিজ্ঞতাকে ‘স্মরণীয়’ বলে অভিহিত করেছেন।
আয়োজক সংগঠন ‘টিম শমশেরনগর বিডি’ জানায়, পর্যটন জেলা মৌলভীবাজারের কমকগঞ্জ উপজেলার শমশেনগরের সৌন্দর্য তুলে ধরা এবং ফিটনেস সচেতনতা তৈরি করাই ছিল তাদের মূল লক্ষ্য। পরে বিজয়ী চ্যাম্পিয়ান ও রানারদের পুরষ্কার বিতরণ করা হয়। ইভেন্ট ম্যানেজার মো. আহমেদুর রহমান এর সভাপতিত্বে ও রেস ডিরেক্টর মো. ফয়সল আল কয়েস চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ্ আলম।
স্বাগত বক্তব্য রাখেন ইভেন্ট কো-অডিনেটর আব্দুল বাছিত সহ আরো অনেকে। ‘ট্রি ট্রায়েল ২৫ কি:মি: ম্যারাথনে পুরুষের মধ্যে চ্যাম্পিয়ান হন তোফায়েল আহমদ ও মেয়েদের মধ্যে মিহাজেবিন মোস্তফা। ‘ট্রি ট্রায়েল ১০ কি:মি: ম্যারাথনে পুরুষের মধ্যে চ্যাম্পিয়ান হন শুভ কর্মকার ও মেয়েদের মধ্যে তাবাসসুম ফেরদৌস।