দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসার মধ্য দিয়ে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে দিবসটি উদযাপন করা হয়।

সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-প্রাঙ্গণে স্থাপিত প্রতীকী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম এবং ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর বাংলা, ইংরেজি, অর্থনীতি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী দুটি হলের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ পর্বে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। তাদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে গভীর আবেগের সঞ্চার করে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে।

সকাল ১০টায় শুরু হয় স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ।

এরপর আলোচনা পর্বে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল একটি সর্বজনীন গণযুদ্ধ, যেখানে এ দেশের সকল শ্রেণি-পেশার মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তাঁদের ত্যাগ ও সংগ্রামের ফলেই আমরা অর্জন করেছি এই স্বাধীন ভূখণ্ড। কিন্তু পরবর্তী সময়ে মহান মুক্তিযুদ্ধকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের গণ্ডিতে সীমাবদ্ধ করে উপস্থাপনের প্রবণতা পরিলক্ষিত হয়েছে, যা এর সামগ্রিক চেতনার পরিপন্থী।”

তিনি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধে নারীদের অসামান্য অবদানের কথা বিশেষভাবে তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে কোনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ না রাখার উদাত্ত আহ্বান জানান।

আলোচনা সভার প্রধান আকর্ষণ ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “স্বাধীনতা দিবস প্রতিটি দেশের জন্যই গৌরবের; বিশ্বের সর্বত্রই এটি জাতীয় দিবস হিসেবে উদ্যাপিত হয়। তবে অন্য কোনো দেশে স্বাধীনতার জন্য এত রক্ত দিতে হয়নি। আমরা এক সাগর রক্তের বিনিময়ে অর্জন করেছি আমাদের স্বাধীনতা। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস এজন্যই বিশ্বের বুকে অনন্য দৃষ্টান্ত- যা অসংখ্য প্রাণের বিনিময়ে অর্জিত।” মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে তিনি নতুন প্রজন্মকে দেশপ্রেম ও জাতীয় দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়েই স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version