নিজস্ব প্রতিবেদক: ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে বগুড়া জেলার নন্দীগ্রামে কিশোর মিলন হোসেনকে (১৭) কুপিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি মো. বুলবুলকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত মো. বুলবুল একই এলাকার বাসিন্দা।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে আত্মগোপনে থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর জেলার সরিষাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এজাহারের বরাত দিয়ে জানানো হয়, নিহত মিলন হোসেনের সঙ্গে ফুটবল খেলা নিয়ে আসামি বুলবুল ও তার সহযোগীদের পূর্বশত্রুতা চলে আসছিল। এর জেরে ধরে গত ১৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেল ও সিএনজিযোগে নন্দীগ্রাম থানার বুড়ইল গ্রামে যায়। সেখানে তারা মিলন ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার একপর্যায়ে মিলনের বুকে ছুরি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মিলনের বাবা মো. দিলবর হোসেন (৪১) বাদী হয়ে গত ২১ ফেব্রুয়ারি বগুড়ার নন্দীগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই আসামিরা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে চলে যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির বর্তমান অবস্থান নিশ্চিত হয় র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার আরামনগর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) এবং র‍্যাব-১২, সিপিএসসি (বগুড়া)। যৌথ আভিযানিক দলের অভিযানেই অন্যতম আসামি বুলবুল গ্রেফতার হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version