দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং গণপরিবহনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে নেত্রকোনায় তদারকি ও অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী নেত্রকোনা সদর এলাকার বিভিন্ন ফিলিং স্টেশন এবং বাসস্ট্যান্ডে আকস্মিক অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা যাচাই করতে মঙ্গলবার দুপুরে শহরের এ আর খান পাঠান ফিলিং স্টেশন এবং মোনাকো ফিলিং স্টেশনে পরিদর্শন করে অভিযানকারী দল। এসময় তারা পেট্রোল, অকটেন ও ডিজেলের মজুদের পরিমাণ সরাসরি পরিমাপ করে দেখেন এবং বিক্রয় রেজিস্টার ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন। জ্বালানি তেলের ওজনে বা পরিমাপে যেন কোনো ধরনের কারচুপি না হয় এবং কৃত্রিম সংকট তৈরি করে যেন জনভোগান্তি সৃষ্টি করা না হয়, সে বিষয়ে পাম্প মালিক ও কর্মচারীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

ফিলিং স্টেশনে অভিযান শেষে দলটি নেত্রকোনা শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় যায়। সেখানে ভাটিবাংলা, রফ রফ পরিবহনসহ বিভিন্ন দূরপাল্লার পরিবহনের বাস কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়। এসময় টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তি এবং সাধারণ যাত্রীদের সাথে কথা বলেন কর্মকর্তারা। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া যেন কোনোভাবেই আদায় করা না হয়, সে বিষয়ে পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

অভিযানের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জনস্বার্থ রক্ষায় এবং যে কোন ধরনের অনিয়ম ঠেকাতে নেত্রকোনা জেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version