তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার ওপর হঠাৎ একটি গাছ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী ও অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ই মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের বারইগ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আজিজুন নেছা (৫০) সুড়িকান্দি গ্রামের জমির উদ্দিনের স্ত্রী।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে উপজেলার দাসেরবাজারগামী একটি অটোরিকশা বারইগ্রামে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মরা গাছ হঠাৎ ভেঙে অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশার চালকসহ যাত্রী আজিজুন নেছা ও তার স্বামী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন। আহত স্বামী ও চালককে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ জানান, “অটোরিকশায় গাছ পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। স্বামী ও চালককে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।” বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, “দুর্ঘটনার বিষয়টি এখনো খোঁজ নেওয়া হচ্ছে। সঠিক খবর না পাওয়া পর্যন্ত বলতে পারছি না।


