নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরার পথে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাকি দাস (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে। নিহত জাকি দাস সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বাজারকান্দি গ্রামের প্রয়াত নগেন্দ্র দাসের স্ত্রী।

বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষীপুর গ্রামের খালিয়াজুরী নয়াপাড়া সংলগ্ন সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকি দাস ঢাকা থেকে সুনামগঞ্জের শাল্লায় নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে রসুলপুর ফেরিঘাট পার হয়ে মোটরসাইকেলে করে খালিয়াজুরী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষীপুর গ্রামের সড়কের একটি মোড় অতিক্রম করার সময় মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় জাকি দাস মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে খালিয়াজুরী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ দায়ের করা হয়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version