মো: মনিরুজ্জামান খান গাইবান্ধা:
জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মইনুল হাসান সাদিক । ছবি : সংবাদ গাইবান্ধা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৪২টি জেলা পরিষদের সাথে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই সরকারের এই উচ্চপর্যায়ের সিদ্ধান্ত বলে জানা গেছে। জেলা পরিষদের নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়ায় অথবা বিশেষ প্রশাসনিক প্রয়োজনে সরকার এ পদক্ষেপ নিয়েছে। অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক গাইবান্ধার রাজনীতিতে একজন জনপ্রিয় ও স্বচ্ছ ভাবমূর্তির নেতা হিসেবে সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
পেশায় একজন স্বনামধন্য চিকিৎসক হিসেবে তিনি সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও অন্যান্য মানবিক কর্মকাণ্ডে যুক্ত থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তার এই নিয়োগের খবর ছড়িয়ে পড়লে গাইবান্ধা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের সঞ্চার হয়। সোমবার (১৬ মার্চ) সকালে জেলা পরিষদ চত্বরে নেতাকর্মী শুভেচ্ছা জানাতে জড়ো হতে থাকেন। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, ডা. সাদিকের মতো একজন অভিজ্ঞ ও জনবান্ধব নেতা জেলা পরিষদের দায়িত্ব পাওয়ায় জেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং জনসেবা আরও নিশ্চিত হবে।
নিয়োগের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ডা. মইনুল হাসান সাদিক বলেন,সরকার আমাকে যে বিশ্বাস ও দায়িত্ব দিয়েছে, আমি সততা ও নিষ্ঠার সাথে তা পালন করার চেষ্টা করব। জেলা পরিষদকে একটি সেবাধর্মী ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করাই হবে আমার মূল লক্ষ্য।


