জামালপুর প্রতিনিধি: যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব প্রবাসী কর্মীর ভিসা বা আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের আকামার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি যেসব যাত্রী ফ্লাইটের কারণে আটকে গেছেন বা যেতে পারেননি, তাদের বিমান টিকিটের পুরো টাকা কোনো কর্তন ছাড়াই ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা এলাকায় কাটাখালি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

প্রবাসী ও আটকে পড়া যাত্রীদের বিষয়ে আশ্বাস দিয়ে পর্যটন প্রতিমন্ত্রী বলেন, “যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব দেশে প্রবাসীদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাদের আকামা বৃদ্ধি করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে। আটকে পড়া যাত্রীদের দেশে নিরাপদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।”

তিনি আরও নিশ্চিত করেন যে, যারা টিকিট কেটেও গন্তব্যে যেতে পারেননি, তাদের টিকিটের মূল্য থেকে এক পয়সাও অতিরিক্ত কাটা হবে না। মূল টাকার পুরোটাই যাত্রীদের ফেরত দেওয়া হবে।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রশিদুজ্জামান মিল্লাত বলেন, “যুদ্ধের কারণে বর্তমানে বিশ্বের ৩৯টি দেশে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাংলাদেশে তা বাড়েনি। সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে আমরা বিদ্যুৎ ও তেলের দাম বাড়াবো না। মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।”

ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন প্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলায় আট কিলোমিটার দীর্ঘ ‘কাটাখালি খাল’ এবং মাদারগঞ্জ উপজেলায় পলিশা থেকে দুধিয়াগাছা পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে,ন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এছাড়া অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version