দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কেন্দুয়া ও আটপাড়া প্রতিনিধি: চিকুনগুনিয়াসহ মশাবাহিত অন্যান্য মরণঘাতী রোগের প্রকোপ রোধে নেত্রকোনার দুই উপজেলায় পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) জেলার কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় পৃথকভাবে এ জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এতে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দুয়া পৌরশহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর নির্দেশনায় শনিবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া।

দেখা যায়, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে ঝাড়ু ও বেলচা নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক, বাজার এলাকা এবং জনসমাগমস্থলে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন। মরণঘাতী ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি কমাতে পরিচ্ছন্ন পরিবেশ গড়ার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তাও পৌঁছে দেন তারা। দলীয় নেতারা জানান, জনস্বার্থে বিএনপির পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে, একই দিনে আটপাড়া উপজেলায়ও ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় আটপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও হলরুমে এ কার্যক্রমের সূচনা হয়। প্রশাসন জানিয়েছে, এখন থেকে প্রতি শনিবার এমন সমন্বিত অভিযান পরিচালিত হবে।

অভিযানের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনূর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি, উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, জমিয়তে ইসলামীর নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও আটপাড়া উপজেলা শাখার সভাপতি মফিজুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা রাসেল তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ব্যানার হাতে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি ফগার মেশিন দিয়ে মশক নিধনের কার্যক্রমও প্রদর্শন করা হয়।

ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রকোপ থেকে নাগরিকদের রক্ষায় স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর এমন সম্মিলিত ও মাঠপর্যায়ের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুই উপজেলার সচেতন মহল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version