দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় গভীর রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও উপজেলা বিএনপি’র সাবেক এক নেতার ভাইসহ মোট সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্ধ লক্ষাধিক টাকা জব্দ করা হয়।

আটককৃতা হলেন- খালিয়াজুরী উপজেলা বিএনপি’র দল থেকে বহিস্কৃত সাবেক যুগ্ম-আহ্বায়ক আসিফুজ্জামান চৌধুরীর ভাই মো. লেলিন (৪০), খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. জহুরুল ইসলাম মির্জা ওরফে খোকন মির্জা (৪৫), মৃত কাতারু রহমানের ছেলে মো. আবু সাঈদ (৪৫), মৃত তালে নেওয়াজের ছেলে মো. ওয়াছেক মিয়া (৩২), মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. জুসেফ তালুকদার (৩২), মৃত হোসেন তালুকদারের ছেলে মো. রাহেল তালুকদার (৩২), শহীদ মিয়ার ছেলে মো. মোফাজ্জল মিয়া (২৪)। তাদের সকলেরেই বাড়ি বল্লী এলাকায়।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরের দিকে আটককৃত সকলে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের বাগানবাড়ী এলাকার পরিত্যক্ত একটি ঘরে অভিযান পরিচালনা করে খালিয়াজুরী থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় জুয়া খেলা চলছিল। ঘটনাস্থল থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি পাটি, একটি বিছানার চাদর, পাঁচ প্যাকেট তাস এবং নগদ ৫০ হাজার তিনশো ৪০ টাকা জব্দ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র জুয়ার আসর বসিয়ে আসছিল। এখানে নিয়মিত বিপুল পরিমাণ টাকার জুয়া খেলা হতো। স্থানীয়দের অভিযোগ, এ চক্রটি দীর্ঘদিন যাবত গ্রামে জুয়াসহ নানাবিধ অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার কারণে গ্রামের সাধারণ মানুষ চরম অতিষ্ঠ। কিন্তু প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পেত না।

এলাকাবাসী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক আওয়ামী লীগ নেতা খোকন মির্জার নেতৃত্বে জুয়ার আসর পরিচালিত হতো। সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক আসিফুজ্জামান উজ্জ্বলের ছোট ভাই লেলিনের নেতৃত্বে আসরটি পুনরায় জমজমাট হয়ে ওঠে। জানা গেছে, খোকন মির্জা ও লেলিনের নামে এরআগেও জুয়া আইনে মামলা ছিল।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে থানার চৌকস অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে জুয়ারিদের জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ (শুক্রবার ) নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version