স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৪০ কোটি টাকার নদী খনন, আমডাঙা খাল প্রশস্ত ও গভীর করনে জমি অধিগ্রহণ ও টিআরএম চালুর সিদ্ধান্ত হলেও – নদী খনন ছাড়া আর কোন কাজ হচ্ছে না। আর তাই আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর বারোটায় যশোরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি এক সংবাদ সম্মেলন করে নদী খননে অনিয়ম, অস্বচ্ছতা কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব চৈতন্য কুমার পাল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব ইকবাল কবির জাহিদ, সংগঠনের অন্যতম নেতা অনিল বিশ্বাস, শিবপদ, মাসুদ আলম প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয় নদী খননের পাশাপাশি বিলে বিলে টিআরএম না করলে বছর না ঘুরতেই নদী ভরাট হয়ে যাবে।ফলে নদী খননের ১৪০ কোটি টাকা পানিতে ভেসে যাবে। তাই টিআরএম এর বিকল্প নাই।
কিন্তু টিআরএম করার বড় বাঁধা পানি উন্নয়ন বোর্ড। তারা নদী হত্যার সাথে জড়িত। আন্দোলনের মুখে যে সেচ প্রকল্প বাতিল হয়েছিল, সেই সেচ সেচ প্রকল্প আবার শুরু করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। সেচ প্রকল্প হলে বানিজ্য ভাল হয়। ভবদহ সমস্যা জিইয়ে থাকে, প্রতিদিন ডিম খাওয়া যায়।
আমডাঙা খাল সংস্কারে ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসনের গড়িমসির কথা তুলে ধরে আগামী মঙ্গলবার ( ২৪ মার্চ) জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদানের জন্য ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতা তসলিম উর, রহমান, সাধন বিশ্বাস, রাজু আহমেদ, জিল্লুর রহমান ভিটু প্রমুখ।


