শনিবার, সেপ্টেম্বর ১৯

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে পূর্ব শত্রুতার জেরে আব্দুল বাছেদ (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার অন্যতম প্রধান আসামি মো. লাভলু মিয়া ওরফে লাভুকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সোয়া ২টায় র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন সকাল সাড়ে ৭টার দিকে পঞ্চগড় জেলার বোদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, নিহত আব্দুল বাছেদ গত ১০ ফেব্রুয়ারি স্থানীয় আলমনগর বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে গোপালপুর থানার যুগিপাড়া এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে আসামি লাভলু মিয়াসহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার পথরোধ করে। এসময় হত্যার উদ্দেশ্যে তারা আব্দুল বাছেদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর ও রক্তাক্ত জখম করে।

বৃদ্ধ বাছেদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবার এমন নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়ে গত ১৩ ফেব্রুয়ারি ভিকটিমের মেয়ে মোছা. লিমা খাতুন বাদী হয়ে গোপালপুর থানায় একটি হত্যা মামলা করেন।

মামলা দায়েরের পরপরই আসামিদের ধরতে তৎপর হয় র‍্যাব। র‍্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল ক্যাম্প) ঘটনার ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল ক্যাম্প) জানতে পারে যে, মামলার অন্যতম আসামি লাভলু মিয়া পঞ্চগড়ে আত্মগোপন করে আছে। এরপর র‍্যাব-১৩ এর সিপিসি-২ (নীলফামারী ক্যাম্প) এর সহায়তায় আজ (মঙ্গলবার) সকালে পঞ্চগড়ের বোদা থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

এর আগে, গত ৫ মার্চ র‍্যাবের অপর একটি আভিযানিক দল একই মামলার আরেক আসামি মো. সালমানকে (৩০) টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছিল।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি লাভলু মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার গোপালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version