নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলায় শব্দদূষণ রোধে এবং নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এর অংশ হিসেবে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে দুজন বাস চালককে জরিমানা করা হয় এবং তিনটি হর্ন জব্দ করা হয়।
রবিবার (৮ মার্চ) বিকেল ৪টায় পরিবেশ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, রবিবার নেত্রকোনা সদর উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ হাইওয়ে এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এ সময় “শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫” লঙ্ঘন করে গাড়িতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে দুজন বাস চালকের কাছ থেকে নগদ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং গাড়ি থেকে তিনটি হাইড্রোলিক হর্ন খুলে জব্দ করা হয়।
জরিমানা ও হর্ন জব্দের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চালক ও সাধারণ মানুষের মাঝে শব্দদূষণ রোধে প্রচারপত্র ও লিফলেট বিতরণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভ্রাম্যমান আদালতে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন নেত্রকোনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম।
এছাড়াও অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে নেত্রকোনা থানা পুলিশের একটি দল।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এবং শব্দদূষণ রোধকল্পে ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমান আদালত ও অভিযান অব্যাহত থাকবে।


