নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চোরাচালান, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে কলমাকান্দা থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল ইমরানুল ইসলাম। এছাড়াও পুলিশ সদস্যবৃন্দ, স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
সভায় আমন্ত্রিত অতিথি ও বক্তারা সীমান্ত এলাকায় চোরাচালান এবং মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানান। নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে কেবল পুলিশের একক প্রচেষ্টাই যথেষ্ট নয়। তাই সমাজের সব অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের মানুষকে পুলিশের কাজে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।


