কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কেন্দুয়া ক্লাব’ এর সাধারণ সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন কেন্দুয়া উপজেলা বিএনপি’র সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যার আগ মুহূর্তে পৌর শহরের চিরাং মোড়স্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া ক্লাবের সভাপতি ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম (পদাধিকারবলে)। সভায় কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৬২ সালে উপজেলার চিরাং ইউনিয়নের চক বাট্টা গ্রামে জন্মগ্রহণ করেন জয়নাল আবেদীন ভূঁঞা। তিনি কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে কেন্দুয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন।
তার সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের সূচনা হয় ১৯৮১ সালে, যখন তিনি কেন্দুয়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি কেন্দুয়া পৌর বিএনপি’র সভাপতি এবং ২০২৩ সালে সম্মেলনের মাধ্যমে কেন্দুয়া উপজেলা বিএনপিৎর সভাপতি হিসেবে নির্বাচিত হন।
১৯৪৮ সালে আত্মপ্রকাশ করা ‘কেন্দুয়া ক্লাব’ স্থানীয় প্রশাসন ও জনসাধারণের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে পরিচিত। দীর্ঘ ৭৮ বছর ধরে প্রতিষ্ঠানটি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন সাধারণ সম্পাদকের হাত ধরে এই ঐতিহ্যবাহী ক্লাব তার অগ্রযাত্রা আরও বেগবান করবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় সুধীজনরা।


