গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইকারী প্রধান আসামি কুচিন্দা গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে মিনারুল (২২) সহ ছিনতাইকৃত কানের দুল উদ্ধার করতে সক্ষম হয় সাপাহার থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টার সময় সাপাহার কয়েকজন বখাটে চৌধুরী চান মোহাম্মদ মহিলা কলেজের পাশে আড়ত সংলগ্ন রাস্তায় দশম শ্রেণির স্কুলছাত্রীর পথরোধ করে চাকু ও লাঠি দেখির ভয়ভীতি প্রদর্শন করেন।
এসময় ছাত্রীর কানে থাকা আনুমানিক তিন আনা ওজনের স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত সরে যায়। এ ঘটনায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার ও সাপাহার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান শুরু করে এবং স্থানীয়দের সহায়তা ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে দ্রুত ছিনতাইকরীকে গ্রেফতার ও ছিনতাই হওয়া কানের দুল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে দেখানো স্থান থেকে ছিনতাইকৃত স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাপাহার থানায় একটি ছিনতাই মামলা দায়ের হয়েছে। এ ঘটনার সাথে আরো কে জড়িত আছে তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
