নিজস্ব প্রতিবেদক: পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মো. আবু বক্করকে (৬২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মোছা. মরিয়ম মুন মুঞ্জরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আবু বক্কর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মোলামখার চর এলাকার মৃত জাফর আলীর ছেলে। নিহত নারী রেজিয়া খাতুন (৩৮) মোহনগঞ্জ উপজেলার বসন্তিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, আবু বক্কর ও রেজিয়া খাতুন দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে আবু বক্কর মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামে স্ত্রীর বাড়িতেই বসবাস করতেন। তবে তাঁদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত। এ কলহের জের ধরে ২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে আবু বক্কর নিজের পরনের শার্ট দিয়ে গলা পেঁচিয়ে স্ত্রী রেজিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন।
হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে লাশটি ঘরের পাশে থাকা একটি খড়ের গাদায় লুকিয়ে রাখেন তিনি। পরে মোবাইল ফোনে প্রথম পক্ষের স্ত্রীর ছেলেকে বিষয়টি জানান। পরদিন পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
এ ঘটনার পরদিন নিহতের বোন বিউটি আক্তার বাদী হয়ে আবু বক্করকে একমাত্র আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় প্রদান করেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. নজরুল ইসলাম খান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধী তার কৃতকর্মের উপযুক্ত শাস্তি পেয়েছে।”


