দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: বিনম্র শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও নতুন উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হচ্ছে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) নেত্রকোনা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক। তিনি ১৯৫২ সালের ভাষা শহিদদের পাশাপাশি বিগত জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, “শহিদদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের। তবে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এখনও পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি, বর্তমান সরকার তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে।”

পাশাপাশি তিনি গত ১২ তারিখে অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর দেশে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, তার সফলতা আমরা পেয়েছি। তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, প্রতি বছরের ন্যায় এবারও নেত্রকোনার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে একুশে ফেব্রুয়ারির কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, “রাত ১২টা ১ মিনিটে আমরা শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছি। বাংলাদেশের নতুন আঙ্গিকে এবং নতুন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাধারণ মানুষ এই দিনটি ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করছে।” সরকারি নির্দেশনার আলোকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা পালিত হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক (শ্রদ্ধাঞ্জলি) অর্পণ করা হয়।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জেলা পুলিশের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, “একুশের যে চেতনা, সেই চেতনাকে আমরা ধারণ করি। এই চেতনাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।” তিনি জেলা পুলিশের পক্ষ থেকে নেত্রকোনাবাসীকে অমর একুশের শুভেচ্ছা জানান।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন সরকারি-বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনে নেতাকর্মীরাসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ওমর একুশের শহিদদের স্মরণ করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version