নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগ থানায় দায়ের করা এক নাবালিকা ধর্ষণ মামলার পলাতক আসামি জয়নাল আবেদীন বাদশাকে (৪০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জয়নাল আবেদীন বাদশা ওরফে রুপচাঁন ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আজ (বুধবার) বিকেল ৩টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) জানান, ভিকটিমের মা ও অভিযুক্ত জয়নাল আবেদীন পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন। ভিকটিমের মা পেশায় একজন গৃহপরিচারিকা। চলতি বছরের ২৫ জানুয়ারি বেলা পৌনে ৩টার দিকে ভিকটিমকে একা পেয়ে টিভি দেখার প্রলোভন দেখিয়ে নিজের রুমে নিয়ে যান অভিযুক্ত জয়নাল। সেখানে ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।
এ ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে গত ২৭ জানুয়ারি ডিএমপির তুরাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা (মামলা নং-২৩) দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ (সিপিএসসি, ময়মনসিংহ) এবং র্যাব-১ (সিপিসি-২, উত্তরা) এর একটি যৌথ আভিযানিক দল বুধবার রাত ২টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।


