স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোরের বাঘারপাড়া উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে মোহাম্মদ ইবাদুল (৩৫) নামে এক বিএনপি সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাঘারপাড়া থানাধীন পুনিয়ার হাটবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত ইবাদুল বাঘারপাড়া উপজেলার দয়ারামপুর গ্রামের মন্তাজ মোল্লার ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে একই গ্রামের জামায়াত সমর্থক সাকিদুল (৫০) ও তার সাথে থাকা আরও ৭-৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ইবাদুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে লাঠিসোটা দিয়ে মারপিট করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
এতে তার মাথায় গভীর রক্তাক্ত জখম হয়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও স্বজনরা ইবাদুলকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, ভিকটিমের মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


