দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর রাজধানী ঢাকায় পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটে করে তারেক রহমান দেশে আসেন। বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ ঢাকায় উড়োজাহাজ অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর কথা রয়েছে।

এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে ছেড়ে আসা ফ্লাইটটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প সময় যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে উড়োজাহাজটি।

জানা গেছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এই যাত্রায় তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হতে থাকেন। এতে কুড়িল-বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট সড়ক জনস্রোতে পরিপূর্ণ হয়ে ওঠে।

দীর্ঘ প্রবাসজীবন শেষে তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version