রুহুল আমিন, ডিমলা (নীলফামারী):
নীলফামারীর ডিমলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল চারটার পর খগাখরিবাড়ী মিনি স্টেডিয়াম মাঠে হাজারো দর্শকের করতালি, বাঁশির শব্দ ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
উদ্বোধনী খেলায় ডিমলা ফুটবল একাদশ ২–০ গোলে খগাখরিবাড়ী ফুটবল একাদশকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। ম্যাচে ডিমলার ১০ নম্বর জার্সিধারী রিমস এক চমৎকার গোল করেন, অপরদিকে খেলার শেষ মুহূর্তে খগাখরিবাড়ীর গোলরক্ষক সাকিবের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন রিমস।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন,
“আরাফাত রহমান কোকো ছিলেন খেলাধুলা–প্রেমী এক সোনার মানুষ। তিনি বিশ্বাস করতেন—খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। আজকের এই টুর্নামেন্ট সেই বিশ্বাসেরই বাস্তব প্রতিফলন।”
তিনি আরও বলেন,“খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সামাজিক ঐক্য, মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব গঠনের শক্তিশালী মাধ্যম। প্রতিটি গ্রামে খেলাধুলার চর্চা ফিরিয়ে আনতে পারলেই আমরা একটি সুস্থ প্রজন্ম পাব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক রইসুল আলম চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, অধ্যক্ষ মনোয়ার হোসেন ও গোলাম রব্বানী প্রধান প্রমুখ।
সভাপতিত্ব করেন খগাখরিবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও টুর্নামেন্টের আহ্বায়ক রবিউল ইসলাম লিথন। আর টেপাখরিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টুর্নামেন্টের সদস্য সচিব রবিউল ইসলাম শাহীন সঞ্চালনা করেন উদ্বোধনী অনুষ্ঠান।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলোয়াড়দের কাঁধে তুলে উল্লাসে ফেটে পড়ে মাঠজুড়ে উপস্থিত দর্শকরা।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এমন প্রাণবন্ত টুর্নামেন্ট গ্রামীণ তরুণদের মাঠমুখী করছে। এতে সামাজিক ঐক্য, সৌহার্দ্য ও ইতিবাচক মানসিকতার বিকাশ ঘটছে। কেউ কেউ বলেন, “এই টুর্নামেন্ট শুধু ফুটবল নয়, ডিমলার তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস ও ঐক্যের প্রতীক।”
