রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ফাঁকা রাখা নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন এবং জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে রাশেদুজ্জামান রাশেদ বলেন,“দলের নির্দেশনা অনুযায়ী ১৩ নভেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই যুক্ত হয়েছি। সুযোগ পেলে এনসিপির পক্ষ থেকে ডোমার ও ডিমলায় নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই।”
রাশেদ স্থানীয়ভাবে একজন তরুণ কলামিস্ট ও সমাজসেবক হিসেবে পরিচিত। তিনি শিক্ষা সহায়তা, যুব উন্নয়ন ও মানবিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। স্থানীয় সূত্র জানায়, রাশেদ ছিলেন একজন সক্রিয় জুলাই যোদ্ধা, যিনি মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছেন।
নিজের লক্ষ্য নিয়ে রাশেদ বলেন,“রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, দায়িত্বের জায়গা। আমি চাই তরুণদের সঙ্গে নিয়ে এলাকায় কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পরিবর্তন আনতে। জনগণের আস্থা পেলে উন্নয়নই হবে আমার রাজনীতির ভাষা।”
দলীয় সূত্র মতে, এনসিপি গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। ফরমের দাম ১০ হাজার টাকা হলেও জুলাই আহত ও নিম্নআয়ের মানুষ ২ হাজার টাকায় ফরম সংগ্রহ করতে পারবেন। বিক্রি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
এদিকে, বিএনপি ৩ নভেম্বর দেশের ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলেও নীলফামারী–১ ও ৩ আসন ফাঁকা রেখেছে। রাজনৈতিক মহলের ধারণা, বিএনপি–এনসিপি সমঝোতার অংশ হিসেবেই আসন দুটি ফাঁকা রাখা হয়েছে।
ডোমার উপজেলার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,“রাশেদ আমাদের এলাকার একজন তরুণ সমাজসেবক। তরুণরা যদি নেতৃত্বে আসে, তাহলে উন্নয়নের দিকটা আরও বাস্তবমুখী হবে। তাঁর মতো শিক্ষিত ও চিন্তাশীল মানুষ রাজনীতিতে আসুক, এটা আমরা চাই।”
ডিমলা বাজারের মো. রফিকুল ইসলাম বলেন,“আমরা দেখেছি রাশেদ ভাই বহু সামাজিক কাজে এগিয়ে থাকেন। সাধারণ মানুষের পাশে থাকেন বলেই এলাকাবাসীর আস্থা তৈরি হয়েছে। এবার যদি তিনি প্রার্থী হন, অনেক তরুণই তাকে সমর্থন করবে।”
স্থানীয় রওশন আরা বেগম বলেন,“আমাদের এলাকায় নারীদের জন্য কাজ করার মতো তরুণ নেতা খুব কম। রাশেদ ভাই শিক্ষায় ও সচেতনতায় মেয়েদের যুক্ত করার চেষ্টা করেন, তাই আমরা আশা করি তিনি নারী উন্নয়নেও গুরুত্ব দেবেন।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাশেদের প্রার্থিতা বিএনপি–এনসিপি সমঝোতার আলোচনাকে আরও জোরালো করেছে। তরুণ নেতৃত্ব হিসেবে তাঁর সক্রিয়তা উত্তরের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ও কৃষক দলের কেন্দ্রীয় সহসম্পাদক আহম্মেদ বাকের বিল্লাহ মুন। অপরদিকে জামায়াতে ইসলামী ইতোমধ্যে জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাক্তারকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।
