স্পোর্টস রিপোর্ট :
দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। সর্বশেষ জুনে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। প্রায় পাঁচ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরছে টাইগাররা। তাই শুরু থেকেই জয় দিয়ে সিরিজে এগিয়ে যেতে চায় স্বাগতিকরা। আয়ারল্যান্ডের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে বাংলাদেশ। তবে টিম ম্যানেজমেন্টের মূল চিন্তা-দীর্ঘদিন পর টেস্টের ছন্দে ফেরা এবং ব্যাটারদের ফর্ম। দলে ফিরেছেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়।
তার সঙ্গে ইনিংস শুরু করতে পারেন সাদমান ইসলাম। মিডল অর্ডারে থাকছেন অভিজ্ঞ মোমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস। শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেস্টে সেঞ্চুরি করা মুশফিক আজ নামবেন তার ক্যারিয়ারের ৯৯তম টেস্টে। দীর্ঘদিন টেস্টে সেঞ্চুরির দেখা না পাওয়া মোমিনুল ও লিটনের কাছ থেকেও বড় ইনিংস আশা করছে দল। সিলেটের উইকেট সাধারণত পেসারদের সহায়ক হলেও, বাংলাদেশের মূল ভরসা স্পিনাররা। তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে সাজানো স্পিন আক্রমণ আয়ারল্যান্ড ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
তাইজুলের টেস্টে উইকেট সংখ্যা ২৩৭; সাকিব আল হাসানের (২৪৬) রেকর্ড ছাড়াতে তার প্রয়োজন মাত্র ১০ উইকেট। আয়ারল্যান্ড সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছে। ২০২৪ সাল থেকে তারা তিনটি টেস্ট খেলেছে, তিনটিতেই জয় পেয়েছে—একটি আফগানিস্তানের বিপক্ষে, দুটি জিম্বাবুয়ের বিপক্ষে। তবে বাংলাদেশের স্পিন সহায়ক পরিবেশ তাদের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর বলেন, “আমরা জানি বাংলাদেশের উইকেট কেমন আচরণ করে। সকালে টিকে থাকতে পারলে ফল ভালো হতে পারে।” এ পর্যন্ত টেস্টে একবার মুখোমুখি হয়েছে দুই দল। ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে অনুষ্ঠিত ঐ টেস্টে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ।
ঐ ম্যাচে দুটি ইনিংসে (১২৬ ও ৫১*) অসাধারণ ব্যাটিং করেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও হাসান মুরাদ। আয়ারল্যান্ড দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ্যাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লর্কান টাকার ও ক্রেইগ ইয়াং।
