এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর বিভাগ। আজ দ্বিতীয় কোয়ালিফাইয়ারে রংপুর ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। আগামী ১২ অক্টোবর টুর্নামেন্টের ফাইনালে খুলনা বিভাগের মুখোমুখি হবে রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। ১১ রান করে আউট হন মোমিনুল হক। উইকেটে সেট হয়ে ২৭ বলে ২৮ রানে থামেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়।

চার নম্বরে নেমে ৭ রানের বেশি করতে পারেননি শাহাদাত হোসেন। এতে ১২তম ওভারে ৭৯ রানে ৩ উইকেট হারায় চট্টগ্রাম।

এরপর রংপুরের বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেছেন সাদিকুর রহমান ও অধিনায়ক ইয়াসির আলি। শেষ ৫১ বল খেলে অবিচ্ছিন্ন ৮৮ রান যোগ করে চট্টগ্রামকে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ এনে দেন সাদিকুর ও ইয়াসির।

মারমুখী ব্যাটিংয়ে ২৭ বলে অপরাজিত ৫৩ রান করেন ইয়াসির। তার ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা ছিল। ৪৮ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন সাদিকুর। এনামুল ও আলাউদ্দিন বাবু ১টি করে উইকেট নেন।

১৬৮ রান তাড়া করতে নেমে ৭৬ রানের সূচনা করে রংপুর। ওপেনার জাহিদ জাভেদ ৩৫ রানে আউট হলে প্রথম উইকেট হারায় রংপুর। তবে আরেক ওপেনার নাসির হোসেন হাফ-সেঞ্চুরির স্বাদ পান।

দলীয় ১১৮ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হন নাসির। ৪টি চার ও ৩টি ছক্কায় ৪১ বলে ৫৪ রান করেন তিনি।

মিডল অর্ডারে অধিনায়ক আকবর আলির ১টি চার ও ৩টি ছক্কায় ২১ বলে ৪০ রানের ক্যামিও ইনিংসে জয়ের পথ সহজ হয় রংপুরের। শেষ পর্যন্ত ম্যাচের শেষ বলে চার মেরে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর।

চট্টগ্রামের হাসান মুরাদ ও মোমিনুল ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন নাসির।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version