নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী জাগিরপাড়ায় ভারত থেকে আসা বন্য হাতির পালের তাণ্ডবে ব্যাপক ফসলহানির ঘটনা ঘটেছে।

জানায় গত সোমবার (২৮ এপ্রিল) দিনগত রাতে কাঁচাপাকা ধান ক্ষেতে প্রায় দুই ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় ১৫-২০টি হাতির একটি দল। এসময় ক্ষেতের ধান মাড়িয়ে ফেলার পাশাপাশি গাছপালা ভাঙচুর করে তারা। হাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে কলমাকান্দার জাগিরপাড়া, হাতিবেড়, চন্দ্রডিঙ্গা ও বেতগড়া গ্রামসহ আশপাশের এলাকায়।

স্থানীয়রা জানান, প্রতিবছর ভারতের মেঘালয়ের গারো পাহাড় থেকে খাবারের সন্ধানে এই অঞ্চলে ঢুকে পড়ে বন্য হাতির পাল। দিনের বেলায় টিলায় অবস্থান করলেও রাত হলেই দলবেঁধে নেমে আসে লোকালয়ে। ক্ষতিগ্রস্ত করে ফসল, ভাঙচুর করে ঘরবাড়ি ও গাছপালা।

জাগিরপাড়া গ্রামের কৃষক আবুল মিয়া বলেন, প্রতি মৌসুমেই হাতির দল ফসল নষ্ট করে যায়। এবারও ধান কাটার আগেই ক্ষেত শেষ করে দিয়েছে। আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।

পাঁচগাঁও গ্রামের আব্দুল ওয়াদুদ বলেন, হাতির হাত থেকে ফসল বাঁচাতে আমরা রাতে মশাল, টর্চলাইট আর লাঠি নিয়ে পাহারা দিই। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হচ্ছে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতা সুদীপ্ত হাজং বলেন, হাতির দল একবার ক্ষেতে নামলে তা ধ্বংস করেই ছাড়ে। স্থানীয়দের শত চেষ্টায়ও ঠেকানো যাচ্ছে না। সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান খান পাঠান বলেন, সীমান্ত এলাকায় হাতির আক্রমণ এখন নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version