নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় রবিবার (০২ ফেব্রুয়ারি) উপজেলা হলরুমে “তরুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মের অংশগ্রহণে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হওয়া উচিত তা নিয়ে এই কর্মশালার মূল আলোচ্য ছিল। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ করে ছয়টি ভাগে বিভক্ত করে স্বপ্নের বাংলাদেশ গড়তে করণীয় নির্ধারণে তৃণমূল পর্যায়ে আলোচনা পরিচালিত হয়।
কেন্দুয়া উপজেলা প্রকৌশলী আল আমিন সরকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার এ কর্মশালায় সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে এসিল্যান্ড মাহমুদুল হাসান ছাড়াও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা কেন্দুয়া থানা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা এবং কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি বাবু রাখাল বিশ্বাস, মাসকা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুইয়া স্বপন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ।
কর্মশালায় বক্তারা তরুণদের ভবিষ্যতের নেতৃত্বে উন্নয়ন এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তরুণ প্রজন্মের শক্তি ও উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের কথা উঠে আসে।
