Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

ধর্মপাশায় অটোরিকশার চাপায় শিশু নিহত

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় প্রীতম চন্দ্র শীল(৬) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার বিকাল পাঁচটার দিকে ধর্মপাশা-মধ্যনগর সড়কে বাদশাগঞ্জ খেলার মাঠের পাশেই এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত প্রীতম মধ্যনগর উপজেলাধীন চামরদানি গ্রামের পরিতোষ চন্দ্র শীলের ছেলে।

এ ঘটনায় অটোচালক পরান মিয়াকে(১৬) আটক করে অটোসহ পুলিশে দিয়েছে স্থানীয়রা। অটোচালক পরান মিয়া উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের অজিত মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেল পাঁচটার দিকে প্রীতম বাসা থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এসময় গাছতলা বাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অটোরিকশাটি শিশু প্রীতমকে চাপা দেয়।পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার দশ মিনিট পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোশতানসির বিল্লাহ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার ১০ মিনিট পর শিশুটির মৃত্যু হয়েছে।পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করি।

এ ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমানের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Exit mobile version