বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পাণ্ডে।
বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যেকার সম্পর্ক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে রক্তদানের মধ্য দিয়ে সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারী একাডেমীর ৮৪ তম দীর্ঘমেয়াদি কোর্সের প্রশিক্ষণ সমাপনী রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন বর্তমান সময়ে যুদ্ধক্ষেত্রে নানা ধরনের প্রযুক্তি যুক্ত হওয়ায় সেনা সদস্যদের আগের চেয়ে অনেক পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হয়।
আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন মনোজ পান্ডে।
এর আগে গতকাল (সোমবার) ৫ মে সেনা সদর দপ্তরে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। তাকে আমন্ত্রণ জানানোয় বাংলাদেশের সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা জানান জেনারেল মনোজ পান্ডে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সাক্ষাতের শুরুতেই জেনারেল মনোজ পান্ডে জানান, ভারতীয় সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে বাংলাদেশে আসার মধ্য দিয়ে এই দেশের প্রতি তার শ্রদ্ধা এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও পেশাদারী সম্পর্কের ভিত্তি সুপ্রকাশিত হয়েছে।
একান্ত সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।
পরে সেনা সদরের হেলমেট কনফারেন্স রুমে আয়োজিত বিশেষ ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর রণপ্রস্তুতি, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, বিশ্ব শান্তিতে ভূমিকা এবং সামগ্রিক প্রশাসনিক কাঠামো সম্পর্কে অবহিত হন জেনারেল মনোজ। এ সময় সেনাবাহিনীর বর্তমান নেতৃত্ব ও সামগ্রিক উচ্চমানের ভূয়সী প্রশংসা করেন তিনি।
সেনা সদরে আসার আগে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মনোজ পান্ডে। পরে সেনাকুঞ্জে পৌঁছলে তাকে গার্ড অফ অনার দেয় সেনাবাহিনীর একটি চৌকস দল। এ সময় গাছের একটি চারাও রোপণ করেন তিনি।
এরপর প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের সেনাপ্রধান।


