নীলফামারীর সৈয়দপুরে হারুন অর রশিদ (১৭) নামে এক ছেলেকে হত্যার দায়ে সৎ মা শাহনাজ বেগমকে (৪৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম এ রায় দেন।সাজাপ্রাপ্ত শাহনাজ বেগম সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া খেজুরবাগের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১২ নভেম্বর রাতে হারুন অর রশিদকে মারধর করেন তার বাবা আনোয়ার হোসেন ও সৎ মা মোছা. শাহনাজ বেগম। এ ঘটনায় হারুন অর রশিদ অসুস্থ হলে তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানের চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন (১৩ নভেম্বর) বাবা আনোয়ার হোসেন ও সৎ মা মোছা. শাহনাজ বেগমের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা করেন নিহতের নিজের মা হোসনে আরা।

পুলিশ তদন্ত শেষে ওই হত্যা মামলায় হারুন অর রশিদের বাবা আনোয়ার হোসেন ও তার (হারুন) সৎ মা মোছা. শাহনাজ বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

নীলফামারী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় বলেন, মামলা চলাকালীন সময়ে আসামি আনোয়ার হোসেনের মৃত্যু হয়। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালতের বিচারক শাহনাজ বেগমকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version