পবিত্র ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (৭ জুলাই)। এর মধ্যদিয়ে চারদিনের ছুটি শুরু হচ্ছে
তবে ঈদের আগে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অনেকটাই স্বাভাবিক। যদিও কোনো কোনো মন্ত্রণালয়ের কিছু কিছু দপ্তরে উপস্থিতি ছিল কিছুটা কম। পরিবারের সঙ্গে দূ-দূরান্তে ঈদ করতে যাবেন, এমন কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ ছুটি নিয়েছেন বলে জানা গেছে।
আগামী ১০ জুলাই মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
যারা গ্রামে ঈদ উদযাপন করতে যাবেন, তাদের কেউ কেউ অফিসে হাজিরা দিয়ে ছুটেছেন লঞ্চ, বাস কিংবা রেলস্টেশনের উদ্দেশ্যে। কেউ কেউ টানা ছয়দিনের ছুটি ভোগ করতে বৃহস্পতিবার ছুটি নিয়েছেন বলে জানা গেছে।
শেষ কর্মদিবসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে আগের মতো কোলাকুলি নেই।
এবার ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রবি ও সোমবার) ঈদের ছুটি থাকবে। এর আগে ৮ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি। তাই এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিন ছুটি ভোগ করতে পারবেন। তবে ঈদের ছুটির একদিন ৯ জুলাই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে।
দ্যা মেইল বিডি/খবর সবসময়



