Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আগের চেয়ে শক্তিশালী: ব্লিঙ্কেন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা, উন্নয়ন, বাণিজ্যিক এবং মানুষে মানুষে অংশীদারত্ব আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন।

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ব্লিঙ্কেন এ বিবৃতি দেন। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, ‘মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবসে আমি বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশই স্বাধীনতার জন্য তীব্র সংগ্রাম করেছে। আমরা উভয়েই আমাদের গণতান্ত্রিক আদর্শের সাথে বেঁচে থাকার চেষ্টা করি। গত পাঁচ দশকের আমাদের ক্রমাগত সহযোগিতা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে আসছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশের চিত্তাকর্ষক অর্থনৈতিক ও উন্নয়নমূলক সাফল্য এবং শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদান রাখা দেশ হিসেবে বিশ্বকে নিরাপদ রাখার প্রতিশ্রুতিকে আমরা সাধুবাদ জানাই। আমাদের প্রতিরক্ষা, উন্নয়ন, বাণিজ্যিক এবং মানুষে মানুষে অংশীদারত্ব আগের যেকোনো সময়ের থেকে শক্তিশালী। সম্পর্ককে ভবিষ্যতেও এর ওপর ভিত্তি করে গড়ে তুলব। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিস্তারে প্রতিশ্রুতিবদ্ধ। যাতে আমরা একত্রে উন্নত হতে পারি।’

Exit mobile version