Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

ঢাবির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আগে ডাকসু’র নির্বাচন দাবি নূরের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর। রবিবার তিনি এই আহ্বান জানান।

নবগঠিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুর বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠান জাঁকজমকভাবে পালন করার জন্য নানান অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ ডাকসু নির্বাচনের বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। শতবর্ষ উদযাপনে ডাকসু না থাকাটা বড় একটি অপূর্ণতা বলে আমি মনে করছি।

ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ডাকসু নির্বাচনের আয়োজন করে তারপর শতবর্ষের অনুষ্ঠানগুলোর আয়োজন করা। এ বিষয়ে আমরা সাবেক ভিপি-জিএস যারা আছেন, তাদের সাথে আমি কথা বলবো এবং সবাইকে নিয়ে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বক্তব্যটি আরও স্পষ্ট করবো।

 

ডাকসু নির্বাচন আয়োজনের জন্য সর্বমহলের সহযোগিতা প্রয়োজন- উপাচার্যের এমন মন্তব্যের বিষয়ে নুর বলেন, উনারা সবসময় সুশীল টাইপের একটা বক্তব্য দেন। নিরপেক্ষ থাকার ভাব ধরেন, বস্তুত উনারা নিরপেক্ষ নন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক। তারা যদি নির্বাচন দিতে চায়, বাধা দেবে কে? সমস্যা হচ্ছে তাদের যারা বসিয়েছে, তাদের অনেক আদেশ-নিষেধ মানতে হয়।

বর্তমান ক্ষমতাসীন সরকার দেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলেই তারা চায় না ডাকসু নির্বাচন হোক। তিনি বলেন, যেহেতু দেশে গণতান্ত্রিক চর্চাটা নেই, নির্বাচন প্রক্রিয়া সেটা প্রায় ধ্বংস হয়ে গেছে। যে কারণে সরকার চায় না যে, ডাকসু নির্বাচন হোক।

উল্লেখ্য, সর্বশেষ দীর্ঘ ২৮ বছর পরে ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। ওই নির্বাচনে ছাত্রলীগ থেকে ২৩ জন প্রতিনিধি এবং সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে দুইজন প্রতিনিধি নির্বাচিত হোন।

Exit mobile version