পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া আশা প্রকাশ করেছেন, নারী এবং মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি পূর্ণাঙ্গভাবে রক্ষা করবে তালেবান। তারা এ বিষয়ে বিশ্বের কাছে প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া অন্য কোনো দেশের বিরুদ্ধে তাদের দেশকে ব্যবহার করতে দেবে না। কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে ফ্লাগ প্রেজেন্টেশন প্যারেডে প্রধান অতিথির ভাষণে তিনি এমন আশা প্রকাশ করেন। শুক্রবার আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বিভিন্ন ইস্যুতে কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন ডন। জেনারেল বাজওয়া বলেন, আফগানিস্তানে ও আঞ্চলিক শান্তি চায় পাকিস্তান। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দশকের পর দশক ধরে যে সংঘাত বা বিরোধ রয়েছে আফগানিস্তানের নেতৃত্বে তা সমাধানের জন্য আন্তরিক সমর্থন দিয়ে যাবে পাকিস্তান।

তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীনভাবে এবং বার বার আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগানিস্তানে সবার অংশগ্রহণে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আসছি। একই সঙ্গে আফগানিস্তানে পক্ষপাতিত্বহীন প্রক্রিয়ায় তাদেরকে যুক্ত হতে আহ্বান জানিয়েছি। আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতাসহ সব বিষয়ে এ নিয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছি। তিনি আরো বলেছেন, আফগানিস্তানের অস্থিতিশীলতার জন্য বড় মূল্য দিতে হয়েছে পাকিস্তানকে। এ ছাড়া রয়েছে সেখানকার অর্থনৈতিক চ্যালেঞ্জ। এর মধ্যে আফগানিস্তানের কমপক্ষে ৩০ লাখ শরণার্খীকে গত চার দশক ধরে আশ্রয় দিয়ে যাচ্ছে পাকিস্তান। তিনি পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতায় পাকিস্তান অব্যাহতভাবে ভূমিকা পালন করে যাবে। তিনি বলেন, এটা পুরো অঞ্চলের জন্য প্রয়োজন। বিশেষ করে আফগানদের জন্য তো অবশ্যই। এদিন কাশ্মীর ইস্যুতেও কথা বলেন জেনারেল বাজওয়া। তিনি বলেন, মানব ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক দখলদারিত্বের অধীনে রয়েছেন ভারতের দখল করে নেয়া কাশ্মীরের জনগণ। কাশ্মীরের ভাইদের হৃদয়ের স্পন্দনের সঙ্গে পাকিস্তানিদের হৃদয়ও স্পন্দিত হয়। তাই দখল করে নেয়া ওই এলাকার জনগণের পাশে অব্যাহতভাবে থাকার প্রত্যয় ঘোষণা করেন জেনারেল বাজওয়া। তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে একটি ন্যায্য এবং শান্তিপূর্ণ সমাধান না হলে আঞ্চলিক শান্তি হারিয়ে যাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version