তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে টাস্কফোর্সের অভিযানে সীমান্ত নদী যাদুকাটায় বালুভর্তি ১৮টি নৌকা জব্দের পর তা উন্মুক্ত নিলাম ডেকে বিক্রি করা হয়েছে।
শুক্রবার (৪ জুন) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবিরের নেতৃত্বে যাদুকাটা নদীর ঘাগড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১৮টি নৌকা জব্দ করে ৪৫ হাজার ঘনফুট বালু উন্মুক্ত নিলামে তোলা হলে স্থানীয়রা এতে অংশ নেন। দুপুর ৩ টা থেকে শুরু হওয়া টাস্কফোর্সের পরিচালিত এ অভিযান রাত ১০টায় জব্দকৃত বালি পাথর উন্মুক্ত নিলাম প্রক্রিয়ার মধ্য দিয়ে বিক্রি করা হয়।
যাদুকাটা নদীতে টাস্কফোর্সের অভিযান চলাকালে বাদাঘাট ইউনিয়নের ঘাগরা নামক স্থানে ৪৫,০০০ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়। এ বালি উন্মুক্ত নিলামে বালির মূল্য ৮,৭৭,০০০/-, ভ্যাট ৮৭,৭৫০/- এবং আয়কর ৪৩,৮৭৫/- সর্বমোট ১০,০৯,১২৫/- টাকায় বিক্রি করা হয়।
তাছাড়া অবৈধ বালি পরিবহনের কাজে ব্যবহৃত বিভিন্ন নৌকাকে ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রায়হান কবির মোবাইল কোর্টের মাধ্যমে ১৮ টি মামলায় মোট ১,৮০,০০০/- জরিমানা করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির জানান- যাদুকাটা নদীতে অবৈধ বালুভর্তি নৌকা আজ শুক্রবার (৪ জুন) টাস্কফোর্স অভিযান চালিয়ে জব্দ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে তা বিক্রি করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক এধরণের অভিযান অব্যাহত থাকবে।
টাস্কফোর্সের এ অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার, লাউড়েরগড় বিওপি’র হাবিলদার মোহাম্মদ মাহবুবসহ স্থানীয় ব্যক্তিবর্গ।



