বৃহস্পতিবার, অক্টোবর ১

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে পাঁচ লাখ এনএস১ (NS1) র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান ডেঙ্গু পরিস্থিতিতে রোগী দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে এসব কিট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তৃষিতা মওলা। মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত STRIDES কর্মসূচির মাধ্যমে এসব ডেঙ্গু পরীক্ষার কিট বাংলাদেশকে দেওয়া হয়েছে। কর্মসূচিটির আওতায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা করার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্টদের কিটগুলো দ্রুত দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। তিনি জানান, হস্তান্তর করা কিটগুলো প্রথমে কেন্দ্রীয় ঔষধাগারে (CMSD) সংরক্ষণ করা হবে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে হাসপাতালগুলোর চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে পাঠানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ডেঙ্গু পরীক্ষার কিটের পর্যাপ্ত মজুত রয়েছে। নতুন করে পাওয়া পাঁচ লাখ কিটের পাশাপাশি সরকারি খাতে ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইনেরও পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানান তিনি। ফলে দেশের কোনো অঞ্চলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে বলে জানান মন্ত্রী। এদিন কুর্মিটোলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড এবং রোগ নির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন। এ সময় তিনি ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও পরীক্ষা কার্যক্রমের খোঁজ নেন।

এদিকে দেশে ডেঙ্গুর পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির পাশাপাশি ডেঙ্গু ভ্যাকসিন চালুর বিষয়েও আলোচনা চলছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে আলোচনা হচ্ছে। ভ্যাকসিনের ব্যয়, কার্যকারিতা ও নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করে আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, নতুন পাঁচ লাখ NS1 কিট দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে পৌঁছালে ডেঙ্গু শনাক্তকরণ সক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে ডেঙ্গু রোগীর চাপ বাড়তে থাকা এলাকাগুলোতে চাহিদা অনুযায়ী এসব কিট সরবরাহ করা হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version