বৃহস্পতিবার, অক্টোবর ১

৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পাবেন।

৫ হাজার পদের মধ্যে ৪ হাজার ৭০০টি সহকারী সার্জন এবং ৩০০টি সহকারী ডেন্টাল সার্জনের পদ। সহকারী সার্জন পদে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস বা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে বিডিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।আবেদনকারীর বয়স ২০২৬ সালের ১ সেপ্টেম্বর ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এমবিবিএস বা বিডিএসের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরাও নির্দিষ্ট শর্তে আবেদন করতে পারবেন।

সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ২০৫ টাকা। এর মধ্যে আবেদন ফি ২০০ টাকা এবং ডেটা ভেরিফিকেশন ফি ৫ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫৫ টাকা। ৫১তম বিশেষ বিসিএসে কোনো প্রিলিমিনারি পরীক্ষা থাকছে না। পিএসসি গত ৩০ সেপ্টেম্বর পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে। সরাসরি ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে এবং এর সময় দুই ঘণ্টা।

লিখিত পরীক্ষায় ক্যাডার-সংশ্লিষ্ট বিষয়ে ১০০ নম্বরের পাশাপাশি বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পাঁচ নম্বর কাটা হবে। মৌখিক পরীক্ষার নম্বর ১০০ এবং পাস নম্বর ৫০।পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে ঢাকায় পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও প্রার্থীর সংখ্যা বিবেচনায় প্রয়োজন হলে ঢাকার বাইরে কেন্দ্র স্থাপন করা হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময় পরে জানানো হবে।

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নির্ধারিত অনলাইন আবেদন প্ল্যাটফর্মের মাধ্যমে ৫১তম বিশেষ বিসিএসের আবেদন করতে পারবেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version